মানবতার সেবায় দীর্ঘ ১১ বছরের পথচলার পর সরকারি নিবন্ধন লাভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড যুব ব্লাড ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সংগঠনটিকে এ নিবন্ধন প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা তৈরি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন। সংগঠনটির নিবন্ধন নম্বর ১৮৬ এবং নিবন্ধনের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬।
২০১৫ সালে যাত্রা শুরু করা সীতাকুণ্ড যুব ব্লাড ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে আসছে। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের এ মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, সংগঠনটি থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুস্থদের খাবার বিতরণ, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, অসুস্থ রোগীদের চিকিৎসায় সহায়তা এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারি নিবন্ধন লাভ তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, ত্যাগ ও মানবিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এ অর্জন শুধু একটি নিবন্ধন সনদ নয়; বরং সংগঠনের সঙ্গে যুক্ত অসংখ্য রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, সহযোগিতা এবং নিরলস পরিশ্রমের সম্মিলিত ফল। নিবন্ধন সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নূর খান, শাখাওয়াত হোসেন তারেক, সভাপতি ইকবাল হোসেন ইমন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন এবং প্রচার সম্পাদক নুরুন নবী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে তাদের দায়িত্ব আরও বেড়েছে। এ স্বীকৃতিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও বৃহৎ পরিসরে রক্তসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই কাজ করে যেতে চান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
‘মানবতার কল্যাণে, মানুষের পাশে’—এ স্লোগানকে ধারণ করে সীতাকুণ্ড যুব ব্লাড ব্যাংক ভবিষ্যতেও মানুষের বিপদে পাশে থাকা এবং মানবিক সেবার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনটির এ অর্জন সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।





















