দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ রাতে প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, কিছু কিছু স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কুতুবদিয়ায় ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।




















