জামালপুরের বকশীগঞ্জে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার ও মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় আয়োজিত এই মানববন্ধন থেকে আগামী তিন দিনের মধ্যে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়।
রোববার (১ অক্টোবর) বিকেলে এই এলাকার মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হন শত শত বিক্ষুব্ধ মানুষ। উদ্দেশ্য এলাকা থেকে মাদক নির্মূল এবং চিহ্নিত মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পানাতিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নারী, পুরুষ ও ছাত্রসহ সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মজ্জুদ আলী ও রোকেয়া বেগমের বাড়ির সামনে অবস্থান নিয়ে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
বিএনপি নেতা আবদুল আউয়াল বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হোক। তারা আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এদের দ্রুত শাস্তি চাই। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩ দিনের মধ্যে মাদক কারবারিরা এলাকা না ছাড়লে এবং প্রশাসন তাদের গ্রেপ্তার না করলে, পরবর্তীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বড় ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মাদক মুক্ত ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।





















