আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আজমানে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এই টুর্নামেন্টে দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে নাহিদা আক্তারের দলে অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। নাহিদা ও সোবহানার সঙ্গে আছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, ফাহিমা খাতুনের মতো ক্রিকেটাররা। ১৫ দলের এই স্কোয়াডে আরও আছেন স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানী।
এই টুর্নামেন্ট দিয়ে দলে ফিরেছন সুমনা। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলেও ছিলেন না তিনি। অধিনায়ক বদলাতেই দলে ডাক পেলেন এই অলরাউন্ডার। এ ছাড়া চোট কাটিয়ে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ছিলেন না এই পেসার। তবে বোলিং আক্রমণে বড় ধাক্কা আছে।
চোটের কারণে এই টুর্নামেন্ট খেলতে পারছেন না দলের মূল পেসার মারুফা আক্তার। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে।
গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সে উঠলে ২০, ২২ ও ২৩ নভেম্বর আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ নভেম্বর। বাংলাদেশ স্কোয়াড : নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী, (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।




















