কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি এবং সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কোনো কিছুই সাতক্ষীরার স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কগুলোতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জে সৃষ্ট বিচ্ছিন্ন বিশৃঙ্খলার কারণে নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িক বন্ধ রেখেছে পরিবহন মালিকপক্ষ; যদিও বিকল্প পথে ঢাকাগামী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।
সরেজমিনে সাতক্ষীরা শহর ও বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, অবরোধের ডাক থাকলেও জেলার কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোরসহ জেলার সবকটি আঞ্চলিক মহাসড়কে বাস, মিনিবাস, ইজিবাইক ও পণ্যবাহী যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সড়কে সাধারণ যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। মূলত কর্মজীবী মানুষ এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নাগরিকেরা নির্বিঘ্নেই গন্তব্যে যাতায়াত করছেন।
সাতক্ষীরা শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, সাতক্ষীরার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও বুধবার দুপুরে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহনে হামলার খবর ছড়িয়ে পড়ে। মূলত ওই জেলার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রী ও পরিবহনের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকপক্ষ পদ্মা সেতু রুটটি সাময়িকভাবে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়।
তবে ঢাকাগামী যাত্রীদের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সাতক্ষীরা লাইনসহ বেশ কয়েকটি পরিবহন সংস্থা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। পদ্মা সেতুর পরিবর্তে যশোর ও আরিচা ফেরিঘাট হয়ে নিয়মিত বিরতিতে বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। বিকল্প পথ হওয়ায় গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগলেও যাত্রীদের যাতায়াত পুরোপুরি সচল রয়েছে।
হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস বলেন, ‘সাতক্ষীরায় যান চলাচলে কোনো বাধা বা আতঙ্ক নেই। কেবল গোপালগঞ্জ অংশের নিরাপত্তাঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রেখেছি। ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই আবারও সরাসরি বাস চলবে।’
ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন এবং এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান জানান, সাতক্ষীরার সড়কগুলোতে কোনো ধরনের উত্তেজনা বা অবরোধের প্রভাব নেই। যাত্রী ও গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই পদ্মা সেতু রুটটি সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং বিকল্প ফেরিঘাট রুট দিয়ে ঢাকাগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
আঞ্চলিক সড়কগুলোতে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা। তবে জরুরি কাজে ঢাকাগামী যাত্রীদের মধ্যে বিকল্প পথে সময় বেশি লাগা নিয়ে কিছুটা তাড়াহুড়ো দেখা গেছে। ঢাকায় একটি জরুরি সভায় যোগ দিতে যাওয়া প্রোকন কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমান ও আরেক যাত্রী মো. আরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার ভেতরে যাতায়াতে কোনো সমস্যা না হলেও সরাসরি পদ্মা সেতু রুট বন্ধ থাকায় বিকল্প পথে যেতে হচ্ছে, এতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় ব্যয় হচ্ছে।
সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, ‘সাতক্ষীরা জেলার অভ্যন্তরে এবং আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল ও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো নিরাপত্তাঝুঁকি বা বিশৃঙ্খলার সুযোগ নেই। মূলত অন্য একটি জেলার বিচ্ছিন্ন ঘটনার কারণে পরিবহন মালিকেরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পদ্মা সেতু রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রেখেছেন। পুরো জেলায় পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।’




















