ঝিনাইদহের শৈলকুপার ঐতিহাসিক কামান্নায় ২৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের তালিকা থেকে বাদ পড়া যোদ্ধাদের অন্তর্ভুক্তি, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল এবং মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শৈলকুপা উপজেলার কামান্না রণাঙ্গনে ঐতিহাসিক কামান্না দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত ২৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিগত দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করে অনেক অমুক্তিযোদ্ধা ও ভুয়া ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ভুয়াদের নাম বাতিলের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে দ্রুত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানো হবে।
তিনি আরও জানান, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর নিয়মিত ভাতা ও কল্যাণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন ‘কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রকৃত আন্দোলনকারীদের মধ্যে যারা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের একাংশ দখল কিংবা দেশে আগুন-সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মাগুরা সদর আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পুলিশ সুপার এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
বক্তারা ১৯৭১ সালের ২৬ নভেম্বর কামান্নায় পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হওয়া ২৭ বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ ২৭ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।




















