বাসে উঠলেই শুরু হচ্ছে ভাড়ার নতুন হিসাব। গন্তব্য যতটুকুই হোক, কোথাও সর্বনিম্ন ভাড়া, কোথাও ওয়েবিলের হিসাব, আবার কোথাও পরিবহনকর্মীর মুখের কথাই হয়ে উঠছে ভাড়ার মাপকাঠি। প্রতিবাদ করলে বাগবিতণ্ডা, এমনকি বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকির অভিযোগও করছেন যাত্রীরা।
অথচ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার নতুন ভাড়া নির্ধারণ করেছে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীর বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকাও প্রকাশ করেছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, অনেক বাসে সেই তালিকা দৃশ্যমান নয়। ফলে সরকারি তালিকা প্রকাশের পরও বাস্তবে কত ভাড়া নেওয়া হচ্ছে, তা নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। জ্বালানি তেলের দাম বাড়ার পর ২২ সেপ্টেম্বর থেকে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে ২ টাকা ২৩ পয়সা থেকে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন নির্দিষ্ট জেলার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা। মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
কিন্তু মাঠের চিত্র নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। রোববার রাজধানীর মিরপুর, আগারগাঁও, কালশী, ফার্মগেট, শাহবাগ, পল্টন, গুলিস্তান, রামপুরা, মালিবাগ, সায়েদাবাদ, আজমপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে কথা বলে এবং গণপরিবহনে চলাচল করে ভাড়ার ক্ষেত্রে এমন অসামঞ্জস্যের অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি রুটে যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাগি¦তণ্ডার ঘটনাও চোখে পড়েছে।
সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে মাত্র ১৭ পয়সা। কিন্তু যাত্রীদের অভিযোগ, বাস্তবে কোনো কোনো স্বল্প দূরত্বের যাত্রায় ভাড়া বেড়েছে ৫, ১০ কিংবা ২০ টাকা পর্যন্ত। অর্থাৎ, প্রতি কিলোমিটারে নির্ধারিত বৃদ্ধির সঙ্গে বাস্তবে আদায় করা ভাড়ার ব্যবধান অনেক ক্ষেত্রে বড় হয়ে উঠেছে। মিরপুর-১০ নম্বরে কথা হয় যাত্রী আব্দুর রহমানের সঙ্গে।
তার অভিযোগ, পরিবহনকর্মীরা বাড়তি ভাড়ার চার্ট দেখাতে চান না। আগের ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাগি¦তণ্ডা হয়। গাবতলী এলাকার যাত্রী জহির রায়হানের ভাষায়, ভাড়া বাড়ছে পয়সায়, তারা বাড়াচ্ছে টাকায়। তার অভিযোগ, ভাড়ার চার্ট দেখতে চাইলেও অনেক ক্ষেত্রে তা দেখানো হয় না।
নিয়মিত রাইদা বাসে চলাচলকারী আহাদ আলীর অভিযোগ, মালিবাগের আবুল হোটেল থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত আগে ২০ টাকা ভাড়া দিলেও এখন ৩০ টাকা দিতে হচ্ছে। মোহাম্মদপুরের যাত্রী আফিফুর রহমানের অভিযোগ, বসিলা থেকে উত্তরাগামী কয়েকটি বাসে আগে ৪০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৭০ টাকা নেওয়া হচ্ছে। তার ভাষ্য, প্রতি কিলোমিটারে নির্ধারিত ভাড়া বৃদ্ধির সঙ্গে এ ভাড়ার সামঞ্জস্য নেই।
পল্টনের যাত্রী হাশেম আলীর অভিযোগ, পোস্তগোলা থেকে গুলিস্তান পর্যন্ত আগে ১০ টাকা নেওয়া হলেও এখন বোরাক পরিবহনে ২০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া নির্ধারণের ক্ষেত্রে প্রথম দিকে তৈরি হয় তথ্যের ঘাটতি। ২২ সেপ্টেম্বর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর ২৩ সেপ্টেম্বর সরকার প্রজ্ঞাপন জারি করে।
পরে ২৪ সেপ্টেম্বর বিআরটিএ রাজধানীর বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। অর্থাৎ, বর্তমানে শুধু চার্ট প্রকাশ হয়নি বলার সুযোগ নেই। বরং প্রশ্ন হলো, প্রকাশিত চার্ট কতটা মাঠে দৃশ্যমান এবং কার্যকর? সরেজমিনে বিভিন্ন বাসে দেখা গেছে, যাত্রীর চোখে পড়ার মতো স্থানে নতুন ভাড়ার তালিকা নেই। ফলে যাত্রীকে অনেক সময় পরিবহনকর্মীর কাছ থেকেই ভাড়া জানতে হচ্ছে।
ভাড়ার তালিকা বাসের ভেতরে দৃশ্যমান না থাকলে সরকারি নির্ধারিত হার কার্যকর হচ্ছে কি না, তা যাত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে যাচাই করা কঠিন। আর এই সুযোগেই তৈরি হতে পারে দরকষাকষি ও বাড়তি ভাড়া আদায়ের পরিস্থিতি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক এ এস এম আহমেদ খোকন রূপালী বাংলাদেশকে বলেন, চার্ট বিআরটিএ থেকে আমরা হাতে পেয়েছি।
আজ (রোববার) মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কাল (সোমবার) হয়তো গাড়িতে গাড়িতে ভাড়ার তালিকা টানানো সম্ভব হবে। এদিকে বিআরটিএর সূত্র জানিয়েছে, আগামীকাল থেকে হয়তো গাড়িতে গাড়িতে তালিকা লাগানো থাকবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, আগামীকাল থেকে বিআরটিএর মোবাইল কোর্ট মাঠে নামবে। ভাড়া নৈরাজ্যের পুরোনো অনুষঙ্গ ওয়েবিল। পরিবহন খাতে ওয়েবিল ও ‘সিটিং সার্ভিস’ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।
মালিক সমিতির পক্ষ থেকে এসব ব্যবস্থা বন্ধের কথা বলা হলেও মাঠপর্যায়ে ওয়েবিলের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। রাজধানীর আগারগাঁও, কালশী, লা মেরিডিয়ান, আজমপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে চেকারদের হাতে ওয়েবিলের খাতা দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, এই হিসাব ধরেই কোনো কোনো ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এমনকি কোথাও স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণের কাছাকাছি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
তবে পরিবহন মালিকদের দাবি, ওয়েবিল এখন মূলত যাত্রী গণনা ও পরিচালন ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হয়। ভাড়া নির্ধারণের জন্য নয়। ফলে একই ওয়েবিল ঘিরে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। যাত্রী বলছেন, ওয়েবিলের নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। মালিকপক্ষ বলছে, এটি ভাড়া নির্ধারণের ভিত্তি নয়। মিরপুর থেকে মতিঝিল রুটের একটি বাসে কয়েকজন যাত্রীর কাছ থেকে দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অতিরিক্ত ভাড়ার কারণ জানতে চাইলে বাসের সহকারী ওয়েবিলের হিসাবের কথা বলেন। শাহবাগে বাসের অপেক্ষায় থাকা শামীম হাসানের অভিযোগ, স্বল্প দূরত্বের যাত্রায়ও কখনো কয়েক কিলোমিটারের ভাড়া দাবি করেন বাসের সহকারীরা। প্রতিবাদ করলে আচরণও ভালো থাকে না বলে অভিযোগ তার। এখানেই ভাড়া ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্নটি সামনে আসে। যাত্রীর হাতে যদি রুটভিত্তিক ভাড়ার তালিকা না থাকে, বাসে যদি নির্ধারিত ভাড়া দৃশ্যমান না থাকে এবং যাত্রাপথের দূরত্বের কোনো স্বচ্ছ হিসাব না থাকে, তাহলে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাচাই হবে কীভাবে?
ওয়েলকাম পরিবহনের চালক মো. তুহিন মিয়া বলেন, তেলের দাম বেড়েছে। বাড়তি ভাড়া না নিলে তাদের উপায় নেই। তার দাবি, সরকার নতুন চার্ট দেয়নি এবং মালিকেরা যেভাবে বলেছেন, সেভাবেই ভাড়া নেওয়া হচ্ছে। মিরপুর-১ নম্বরে ইতিহাস পরিবহনের এক কর্মী বলেন, মিরপুর থেকে সাভারের ভাড়া আগে ৪৫ টাকা নেওয়া হলেও এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে। মালিক ৫০ টাকা আদায় করতে বলেছেন, তার করার কিছু নেই।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর অভিযোগ, জ্বালানির দাম বাড়লে পরিবহন মালিকেরা ভাড়া বাড়ার পক্ষে ভিন্ন ভিন্ন যুক্তি দেন। তার ভাষ্য, একসময় গ্যাসের দাম বাড়লে অধিকাংশ গাড়ি গ্যাসে চলার কথা বলা হয়েছিল। এখন ডিজেলের দাম বাড়লে প্রায় সব গাড়িকে ডিজেলচালিত বলা হচ্ছে। তার মতে, এটি ভাড়া বাড়ানোর একটি কৌশল। তবে কোনো নির্দিষ্ট বাস কী জ্বালানিতে চলছে, তা যাচাই ছাড়া কোনো পরিবহনকে এ অভিযোগের আওতায় আনা ঠিক হবে না।
বরং বাসের জ্বালানি, নিবন্ধনসংক্রান্ত তথ্য এবং অনুমোদিত ভাড়ার তালিকা প্রকাশ্য ও সহজে যাচাইযোগ্য হওয়াই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নির্ধারিত ভাড়া আদায় হচ্ছে কি না, সরকার তা নজরদারিতে রেখেছে। বাসে রুটভিত্তিক ভাড়ার চার্ট না টাঙানো বা অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।





















