শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে নির্গত উৎকট দুর্গন্ধে চরম ভোগান্তির শিকার হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। মর্গের এক্সহস্ট ফ্যানের মাধ্যমে এই দুর্গন্ধযুক্ত বাতাস সরাসরি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করার কারণে ক্লাস ও পরীক্ষা পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দুর্গন্ধে বমি ও অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশে অবস্থিত একাডেমিক ভবনে তিনটি অনুষদের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। মর্গের দুর্গন্ধের কারণে সেখানে স্বাভাবিক পরিবেশে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একই সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যরাও।
সরেজমিনে মাস্ক পরে দায়িত্ব পালনরত এক আনসার সদস্য জানান, দুর্গন্ধের কারণে দীর্ঘ সময় সেখানে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। মাহবুবুজ্জামান ভবনের এক শিক্ষার্থী বলেন, ক্লাসে ঢোকার উপায় নেই। মর্গের এমন পচা গন্ধে টিকতে না পেরে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বমি করেছে। এই বাতাসের মধ্যে সারাক্ষণ ক্লাস করা আমাদের জন্য খুবই কষ্টকর।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, মর্গের উৎকট গন্ধের কারণে মাহবুবুজ্জামান ভবনের শ্রেণিকক্ষে থাকা যাচ্ছে না। এই গন্ধে আমি নিজেও বমি করেছি। অনেক শিক্ষার্থীও বমি করেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তারা দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। মর্গের অবকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. সোলায়মান কবীর বলেন, অবকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে। তাৎক্ষণিকভাবে মিনিমাইজ করার জন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি। কালকে কেমিক্যাল আসবে, আসার পরে জিনিসটা আরও মিনিমাইজ হবে।
মর্গের নকশাগত ত্রুটির কথাও স্বীকার করেন তিনি। ডা. সোলায়মান কবীর বলেন, প্রথমে যে সেটআপটা, সেটাই তো ভুল ছিল। এটা কখনোই রাস্তার পাশে হয় না। তবে আমরা এটা নিয়ে কাজ করছি, দ্রুতই সমাধান হবে। তবে কর্তৃপক্ষের আশ্বাসের পরও ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয় এলাকায় মর্গের দুর্গন্ধযুক্ত বাতাস ছড়িয়ে পড়া বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।





















