অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ড. তারান্নুম আফরীন। পেশায় গবেষক হলেও অন্তরে লালন করেন বাংলা গান। প্রবাসে থেকেও দেশের মাটির সুরকে বিশ্বদরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী।
চমৎকার গায়কী আর ভিন্নধর্মী গানের মাধ্যমে ইতোমধ্যে যিনি শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তিনি এবার নিয়ে আসছেন সম্পূর্ণ নতুন একটি একক মৌলিক গান। শিরোনাম ‘হারাই নাই’। গানটির কথা লিখেছেন সামিউল মাশুক এন্টনি। নোভা ব্যান্ডের প্রাক্তন ড্রামার এবং জনপ্রিয় রম্য লেখক এই এন্টনি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন এই গায়িকা।
মিক্স-মাস্টার ও সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল। লিড গিটার বাজিয়েছেন তুহিন আহমেদ। নিজের পরিচিত সংগীতধারা থেকে এবার খানিকটা সরে এসেছেন তারান্নুম। ‘হারাই নাই’-এ শ্রোতারা তাকে পাবেন ব্যান্ডসংগীতের আবহে, যেখানে গিটারের শক্তিশালী উপস্থিতির সঙ্গে মিশেছে স্মৃতি ও নস্টালজিয়া। নতুন গান নিয়ে তারান্নুম আফরীন বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম একটা কাজ।
চেনা ঘরানার বাইরে গিয়ে গানটি করেছি। তাই কাজটা সহজ ছিল না, কিন্তু আমরা প্রত্যেকে খুব যতœ নিয়ে গানটি তৈরি করেছি। ’ তিনি আরও বলেন, ‘ছোটবেলার কিছু বন্ধুত্ব আছে, যেগুলো সময়ের সঙ্গে হয়তো চোখের আড়াল হয়ে যায়। জীবন সবাইকে আলাদা দিকে নিয়ে যায়, যোগাযোগও কমে যায়। কিন্তু হঠাৎ কোনো একদিন মনে হয়, বন্ধুত্বটা তো আসলে হারায়নি।
কোথাও চুপচাপ থেকে গেছে। হারাই নাই’র মধ্যে আমি সেই অনুভূতিটাই ধরতে চেয়েছি। ’ তারান্নুমের মতে, গানটি শুধু পুরোনো বন্ধুকে মনে করার গল্প নয়। সময়ের সঙ্গে পেছনে ফেলে আসা নির্ভার দিন, আড্ডা এবং জীবনের একটি অধ্যায়কেও ফিরে দেখার চেষ্টা রয়েছে এতে। নিজের স্বাভাবিক গানের ধরন থেকে বেরিয়ে নতুন সাউন্ডে কাজ করাটাকেও তিনি দেখছেন সংগীতের নতুন এক অভিজ্ঞতা হিসেবে।
সে কারণেই গানটি নিয়ে তার প্রত্যাশাও বেশি। জীবনের নানা বাঁকে মানুষের হারিয়ে যাওয়ার গল্প, কিংবা হারিয়ে গিয়েও নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার এক ভিন্নধর্মী আকুলতা ফুটে উঠবে এই গানে। বরাবরই মানসম্মত কথা ও মেলোডিপ্রধান সুরের গান উপহার দেওয়া তারান্নুম আফরীন এই গানটিতেও শ্রোতাদের জন্য নতুন চমক রেখেছেন। আধুনিক ও ক্ল্যাসিকাল ঘরানার সংমিশ্রণে তৈরি এই গানটি সব ধরনের শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা করছেন তিনি।
বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই গান-ভিডিও খুব শিগগিরই শ্রোতাদের কাছে আসবে বলে জানিয়েছেন এই গায়িকা।




















