নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের পৌর পার্ক থেকে এ কর্মসূচি শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে প্রচেষ্টা চলছে, তা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা রাখতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করতে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।




















