কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য তারা প্রস্তুত নন।
শনিবার (২২ আগস্ট) আলজাজিরা এ খবর জানিয়েছে। এদিকে ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিষেধাজ্ঞাকে ‘সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে।
প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে কথা বলেছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এই পথে জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। নাবাতিয়েহ প্রদেশের বিন্ত জবেইল জেলার কয়েকটি এলাকা, দেইর সিরিয়ান শহরের আশপাশ এবং টায়ার জেলার আল-মানসুরি শহরে হামলা হয়েছে।





















