মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব, আর্থিক শৃঙ্খলা ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের দুই উপজেলায় নবনির্মিত আধুনিক অফিস ভবন এবং ছয় জেলায় অফিসার্স আবাসনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। নবনির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানান। মহাপরিচালক বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা না গেলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়।
পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে ধারণ করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলেই বাহিনীর সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটবে। তিনি নবনির্মিত স্থাপনাগুলোকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
আধুনিক অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
নবনির্মিত উপজেলা অফিস ভবন ও অফিসার্স আবাসনগুলো এ উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















