জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, সকলের জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি আয়োজিত ‘2nd Dhaka International Knee Summit 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করতে দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটানো জরুরি।
বর্তমান সময়ে চিকিৎসাবিজ্ঞানে সুপার-স্পেশালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার দ্রুত বাড়ছে। তাই স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা পূরণ করা কঠিন হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং জাতীয় বাজেটে এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে এ ধরনের ঐতিহাসিক বরাদ্দ এবারই প্রথম বলে উল্লেখ করেন তিনি। চিকিৎসাশিক্ষার উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগ প্রতিরোধ এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা চলতি বছর স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ‘Save Your Knees’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।




















