১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফুটপাতের খাবারের দোকানের মালিক ‘ভাইরাল মিজান’। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর জেলার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, দুপুরের আগে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মিজানকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারামুক্ত হয়ে ‘ভাইরাল মিজান’ বলেন, ‘ঢাকা শহরের যদি একটা দোকান ফুটপাতে থাকে, মিজানটাও থাকতে হইবো। এইটাই আমার চাওয়া। না হলে এই দেশে মানবতার কোনো দাম নাই। আমার ভাইরালের উসিলায় কোনো চাওয়া-পাওয়া নাই, এইডা আমার কথা।
’ তিনি আরও বলেন, ‘আমার হোটেলটা যেভাবে ভাঙছে, হোটেলটা যেন অন্তত আবার করার জায়গাটা যেন দেয়। ’ কারাগার সূত্র জানায়, নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ শেষে রোববার সকালে মিজানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলগেটে তার স্বজন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আগারগাঁও এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেদিন ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান। এ সময় মিজান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।



















