ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা উৎসব ফ্রান্স-২০২৬। সোমবার (২৪ আগস্ট) প্যারিসের ঐতিহ্যবাহী Place de la Bataille de Stalingrad (জুরেস পার্ক)-এ আয়োজিত এ উৎসবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলার প্রবাসীদের পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা উৎসবে যোগ দেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উৎসবস্থলে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। উৎসবে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনক চাঁপা, মানসিব, ওয়াহিদ, শারমিন দীপু এবং REDz। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মেগা র‍্যাফেল ড্র। পাশাপাশি ব্যবসায়ীদের অংশগ্রহণে বিভিন্ন স্টলও ছিল। এসব আয়োজন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। আয়োজকরা জানান, প্রবাসে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করা এবং বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে অংশ নেওয়া প্রবাসীরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এ ধরনের উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।





















