সাভার ও আশুলিয়ায় রাতভর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ পেশাদার ডাকাত এবং নারীসহ ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার শামীমা পারভীন নির্দেশনায় ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার রাতে সাভারের পাকিজা জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এসআই মতিউর রহমানের টিম গ্রেপ্তার করে ৫ পেশাদার ডাকাতকে। এরা হলেন, মজিদপুরের সুজন হোসেন (৩০), কাতলাপুরের পিচ্চি নির্মল (২৬), আড়াপাড়ার সজিব (৩৬), বনপুকুরের রনি (৩৫) ও আশুলিয়ার জামগড়ার বাসিন্দা খায়রুল হক (২২)। এ সময় উদ্ধার করা হয় ধারালো চাপাতি, ছোরা, সুইচগিয়ার, খুর ও চাকু। এদের মধ্যে আসামি সুজনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ১০টি ও পিচ্চি নির্মলের বিরুদ্ধে ৪টি এবং রনির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। এদিকে মাদকবিরোধী অভিযানে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসআই রাশেদ মিয়ার টিম অভিযান চালিয়ে ১০৮০০ টাকার ৯০ পিস ক্ষতিকর ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোমিনুর (৩৪) ও আশিকুর রহমান (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ছাড়াও সাভারের বক্তারপুরে এসআই শাহাদাৎ হোসেনের টিম অভিযান চালিয়ে ১৫ হাজার টাকার ৫০ পিস ইয়াবাসহ শ্রাবণী আক্তার আলিফা (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শ্রাবণীর বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার ৮ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।













