মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টর দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক আহমেদ শ্রীপুর উপজেলার চৌগাছি পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে।
তিনি মাগুরা সদরের জাগলা এলাকায় অবস্থিত জাপানি গার্মেন্টসে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি পূর্ব চৌগাছি গ্রাম থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে রামনগর বাজার এলাকায় পৌঁছলে একটি কুকুরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামনগর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


















