চট্টগ্রামের আনোয়ারায় কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পাশের খালে ফেলার অভিযোগে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণে ব্যবহৃত পাইপলাইন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার, আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবরের বর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি পার্শ্ববর্তী খালে ফেলছিল।
এতে খালের পানি দূষিত হয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিবেশ দূষণসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















