চুয়াডাঙ্গার জীবননগরে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়ায় ‘নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে সরকারি অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি উপস্থিত হয়ে নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্ঠিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়সহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোনো কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।





















