কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফের অনুসারীদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসায় গতকাল সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামসহ গ্রামের ‘গণ্যমান্য’ ব্যক্তিরা সালিশের আয়োজন করেন।
কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গ্রামের সামনের মাঠে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুই পক্ষের ৪০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আজমিরীগঞ্জ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে নিয়ে যান।
বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্যই আমি গ্রামে গিয়েছিলাম। কিন্তু উপস্থিত সালিশকারীদের সামনেই দুই পক্ষ কথাকাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা মাঠে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর চেষ্টায় সংঘর্ষ থামানো হয়। ’ অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















