কক্সবাজারের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রামু ব্রাদার্স ইউনিয়নের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমোদন ও সনদপ্রাপ্ত রামু ফুটবল একাডেমির পরিচিতি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৬ নভেম্বর শুক্রবার বিকেলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম।
সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন তরুপ বড়ুয়া, পুলক বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গল, রাজু বড়ুয়া, চন্দন বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, সুকুমার বড়ুয়া বুলু, প্রকাশ সিকদার, মো. রুহুল আমিন রকি, বিকাশ বড়ুয়া বিভাষ, বিপুল বড়ুয়া আব্বু ও এ এইচ এম জয়নাল আবেদীনসহ অন্যরা।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, রামু ফুটবল একাডেমির পরিচিতি অনুষ্ঠানে ১৯৯০ সালে জাতীয় শেরে বাংলা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেওয়া কক্সবাজার জেলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রামু উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি সংবর্ধনা উদ্‌যাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রুহুল আমিন রকিকে আহ্বায়ক, সুকুমার বড়ুয়া বুলুকে সদস্যসচিব এবং বিকাশ বড়ুয়া বিভাষকে অর্থসচিব করা হয়েছে। এ ছাড়া বিপুল বড়ুয়া আব্বু ও এ এইচ এম জয়নাল আবেদীনকে সদস্য এবং জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলকে প্রধান সমন্বয়কারী নির্বাচিত করা হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রামু ব্রাদার্স ইউনিয়নের কার্যকরী কমিটি পুনর্গঠন এবং সংগঠনটির ৪৫তম বর্ষপূর্তি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও উত্থাপন করা হয়।
এ বিষয়ে পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে সভা আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম ও সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু সংগঠনের সব কার্যক্রমে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।





















