বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম।
মহাসচিব নির্বাচিত হয়েছেন ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গত শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাক্কোর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে একই দিন প্রাথমিক ফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন, এডিএন ডিজিনেট লিমিটেডের সৈয়দ সোহায়েল রেজা। সহসভাপতি নির্বাচিত হয়েছেন, উইজডম ভ্যালি লিমিটেডের আবদুল কাদের। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, এএসকে টেলিকম লিমিটেডের সায়মা শওকত এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেনÑ রিকম কনসালটিং লিমিটেডের খন্দকার আতিকুর রহমান।
এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ভাইজার এক্স লিমিটেডের মোস্তফা জামাল ইউসুফ, ইগনাইট টেক সলিউশনসের আশিকুর রহমান, টিকন সিস্টেম লিমিটেডের এস এম মসিউর রহমান, ফ্রাইডেসফট লিমিটেডের ফয়সাল সালাম, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আলফা নেটের মো. একরামুল হায়দার। নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ফয়সল আলিম বলেন, দেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত বিশ্বদরবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে।
নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচিত সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভোটার ও বাক্কোর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার।
পর্যবেক্ষক ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম। উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। নির্বাচনি আপিল বোর্ড অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
আপিল-সংক্রান্ত কার্যক্রম শেষে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।




















