পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদক পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে মর্যাদাপূর্ণ এ পদক তুলে দেন। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনে পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হন। গোপালগঞ্জের পুলিশ সুপারসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবার বিপিএম-সেবা পদক অর্জন করেছেন।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. হাবিবুল্লাহ বলেন, “বিপিএম-সেবা পদক আমার একার অর্জন নয়; এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থা অর্জনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
” জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা এ অর্জনকে গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের বলে অভিহিত করেছেন। তাদের মতে, এ স্বীকৃতি বাহিনীর সদস্যদের আরও দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। এর আগে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহসিকতা, অনন্য সেবা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে ১২ জন বিপিএম, ১৮ জন বিপিএম-সেবা, ১৮ জন পিপিএম এবং ৪৪ জন পিপিএম-সেবা পদক পেয়েছেন।





















