দেশে মৌসুমি বায়ুর প্রভাব হ্রাস পাওয়ার কারণে বৃষ্টির প্রবণতা কমে আসছে। দিনের বেলা কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হলেও মধ্যরাত ও ভোরবেলা হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এছাড়া শহরের বাইরে ভোরের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে।
এতে প্রশ্ন উঠছে এবার কি দ্রুতই শীতের আগমন ঘটতে যাচ্ছে? বাংলাদেশে আষাঢ় থেকে আশ্বিন এই চার মাস সাধারণত বর্ষাকাল। বছরের মোট বৃষ্টির বড় একটি অংশ এ সময়েই হয়ে থাকে। তবে অক্টোবরের শুরুতেই মৌসুমি বায়ু বিদায়ের পথে থাকায় বৃষ্টির পরিমাণও কমতে শুরু করেছে। চট্টগ্রাম ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চল এখন তুলনামূলক শুষ্ক। বুধবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের বেলায় গরমের অনুভূতি থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় কিছুটা ঠান্ডা ভাব তৈরি হচ্ছে। ঋতুর পালাবদলের এই সময়ে আশ্বিনের শেষ দিকে প্রকৃতিতেও পরিবর্তন দেখা দিতে শুরু করে। ভোরের বাতাসে মৃদু শীতলতা, রাতের দিকে ফ্যান বন্ধ করে হালকা চাদর গায়ে জড়ানোর প্রয়োজনীয়তা এবং শহরের বাইরে কুয়াশার উপস্থিতি শীতের আগমনী বার্তা দিচ্ছে।
তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, এখনই জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা নেই। কার্তিক মাস শুরু হলে রাত ও ভোরের তাপমাত্রায় আরও পরিবর্তন আসতে পারে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণও ধীরে ধীরে বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে। সব মিলিয়ে বর্ষার বিদায়ের সঙ্গে আবহাওয়ায় শীতের পূর্বাভাস স্পষ্ট হতে শুরু করলেও জাঁকিয়ে শীত নামতে এখনো কিছুটা সময় লাগবে। তবে কার্তিকের শুরুতেই ভোরের কুয়াশা ও রাতের শীতলতা আরও বাড়তে পারে।





















