ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শোধনাগারটিতে আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর আগুনের সূত্রপাত হয়। সালফার পিচ রাখার একটি ট্যাংক থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্র শিখা ও ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন বর্তমানে নির্দিষ্ট ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এইচপিসিএলের অগ্নিনির্বাপণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পরে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এক বিবৃতিতে এইচপিসিএল জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি শোধনাগারের সব ইউনিট নিরাপদে সচল রয়েছে।




















