রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল এলাকার পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে গিয়ে বাসটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তারা। পুলিশের এ কর্মকর্তা জানান, বাসটির চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা গাড়িটি মাতুয়াইল মেডিকেল এলাকার পাশে পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এসআই হাসান রহমান।




















