বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত ১৭তম আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী প্রথম ও অষ্টম স্থান অর্জন করেছেন।
প্রথম স্থান অর্জন করেছেন চুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওয়াজ কুরুনি জিহাদ। অন্যদিকে, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান অষ্টম স্থান অর্জন করে সেরা দশে জায়গা করে নিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম অঞ্চলের ২০টি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম ও ঢাকা-দক্ষিণ অঞ্চলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। এই স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে সেরা তিন প্রতিযোগী ২০২৭ সালে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (আইএমসি ২০২৭) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।
অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারী ওয়াজ কুরুনি জিহাদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, গণিত নিয়ে কাজ করার ইচ্ছা আমার আগে থেকেই ছিল। সেই আগ্রহই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে। এই অবস্থানে পৌঁছানোর পেছনে সব কৃতিত্ব আমার শিক্ষক ও বন্ধুদের। পরবর্তী ধাপের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ফলাফলের চেয়েও নতুন কিছু শেখাই আমার মূল লক্ষ্য।




















