ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী ‘এমভি ওশান-উইনার’ নামের ওই জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।
লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের পথে যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। ওই সময় জাহাজে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজটির ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।
ওড়িশা থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার সময় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এনডিটিভি জানায়, শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তার আবেদন করে।
জাহাজডুবির খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার তৎপরতায় যুক্ত করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটির লাইফ র‍্যাফট থেকে এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে, ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে বলে এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন।




















