রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট স্বদেশ প্রপার্টিজ এলাকায় একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের তিন তলা বেসমেন্টে কাজ করার সময় মই থেকে পা ফসকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মামি শারমিন আক্তার জানান, আজ রাতের দিকে ওই ভবনের বেসমেন্ট ৩-এ মইয়ের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন তাজিম।
এই ব্যাপারটি স্বদেশ কোম্পানির একটি ইঞ্জিনিয়ার রাত ৯ টার দিকে আমাকে জানিয়ে তিনি বলেন, তাদের এলাকার একজন যুবক কাজ করার সময় উপর থেকে পড়ে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের বাবার নাম ইয়ামিন মোল্লা। নিহত পেশায় প্লাম্বার এবং স্যানেটারি মিস্ত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। বর্তমানে তিনি ৩০০ ফিট স্বদেশ প্রপার্টিজ এলাকায় থাকতেন। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। এক বছর আগে বিয়ে করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।





















