‘জেলার’ সিনেমার বিপুল সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত তামিল অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে।
ট্রেলারে ভিন্ন রূপে হাজির হয়েছেন বিদ্যা বালান। সিনেমাটিতে ‘কান্তা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নীল শাড়ি, হাতে সিগারেট ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে অল্প সময়ের উপস্থিতিতেই নজর কেড়েছেন অভিনেত্রী। ট্রেলার প্রকাশের পর বিদ্যার নতুন লুক ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রজনীকান্তের সঙ্গে তার রসায়ন দেখার অপেক্ষাতেও রয়েছেন দর্শকেরা।
দক্ষিণী তারকা রজনীকান্ত ২০২৩ সালে ‘জেলার’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এরপর থেকেই ভক্তরা এই সিনেমার সিক্যুয়েলের দাবি করছিলেন। সম্প্রতি এর দ্বিতীয় পর্বের ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেছে সিনেমাটির মুক্তির তারিখ। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’-এ রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও এস জে সূর্যসহ অনেকে।
প্রথমে শোনা এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে কাজ করবেন শাহরুখ খান। পরে অবশ্য এই কাজে নিজেকে জড়াননি অভিনেতা। তার ব্যস্ত সময়সূচিও এর একটি বড় কারণ হিসেবে সামনে এসেছে। তবে দক্ষিণী তারকা মোহনলাল এখানে ক্যামিও চরিত্রে কাজ করেছেন।




















