কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—মো. আবু সুফিয়ান (৩২), মো. সুলতান সরকার (৪২), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. তৈয়ব আলী (২৮)। তারা সবাই স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকাজি এলাকায় রাত্রিকালীন ও বিশেষ ডিউটির অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হাতেনাতে তাস ও নগদ টাকাসহ ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ডিবির কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া একটি বড় সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জুয়ার বিরুদ্ধে পুলিশের নজরদারি রয়েছে। কুড়িগ্রাম জেলাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





















