সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকার। তাকে নিয়ে নির্মিতব্য ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন উঠেছিল সম্প্রতি।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল সাফ জানিয়ে দিয়েছেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) মধুমিতাকে নিয়েই শুরু হচ্ছেÑ সিনেমাটির শুটিং। টেলিভিশন সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’-এর পাখি কিংবা ‘কুসুম দোলা’-এর ইমন চরিত্রে অভিনয় করে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান মধুমিতা সরকার।
গত আগস্ট মাসে ঢাকায় ‘গুলশানের চামেলি’ সিনেমার জমকালো মহরতে অংশ নিয়ে ঢাকাই সিনেমায় নিজের অভিষেকের ঘোষণা দেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয় যে, তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এই গুঞ্জনে তীব্র ক্ষোভ প্রকাশ করে মধুমিতা বললেন, ‘খবরটি সত্য নয়। পহেলা ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেব।
তার দুই দিন আগে ঢাকায় আসব। ’ সিনেমার নির্মাতা মোহাম্মাদ ইকবাল গুঞ্জনটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, শুটিংয়ের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসেই এফডিসিতে সিনেমার বিশাল সেট নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী ১ ডিসেম্বর এফডিসির ২ নম্বর ফ্লোরে মধুমিতাকে নিয়েই প্রথম ক্যামেরা ওপেন করা হবে। পরিচালক আরও জানান, শুটিংয়ে অংশ নিতে আগামী ২৮ নভেম্বরই কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছাবেন মধুমিতা সরকার।




















