কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সংলগ্ন দৌলতপুরে গোরস্থানের জমি দখলকারী ভূমিদস্যু শওকত বাহিনীর বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের হাটখোলাপাড়া গোরস্থান মার্কেটের সামনে কয়েক হাজার স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘বিচার চাই, অবৈধ দখলদার ভূমিদস্যু শওকত বাহিনীর বিচার চাই’- লেখা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায়। তাদের অভিযোগ, শওকত ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গোরস্থানের জমিসহ এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে দখল করে আসছে। তারা অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ ও অভিযুক্ত শওকত বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় হাটখোলা পাড়া গোরস্থান কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ (লিটন), সেক্রেটারি সোনা মহলদার, সদস্য ও হাটখোলা পাড়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, গোরস্থানের সহসভাপতি আশরাফ দফাদার, উপদেষ্টা জাহিদ হোসেন, হাটখোলা পাড়া জামে মসজিদের সভাপতি আশরাফুল আলম, উপদেষ্টা সিদ্দিক মহলদার, মোছা. শামসুন্নাহার বিথী ও শিউলী খাতুন প্রমুখ বক্তব্য রাখেন ।




















