কার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী নাজনীন নাহার নিহা? কয়েক মাস ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার পবিত্র কাবার সামনে একজনের সঙ্গে ছবি প্রকাশ করে সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া আবেগঘন বার্তায় ইঙ্গিত মিলেছে বিয়েরও। তবে জীবনসঙ্গীর পরিচয় এখনো রেখেছেন আড়ালে।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন নহা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে তোলা ছবির একটিতে দেখা যায়, কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। পেছন থেকে তাকে জড়িয়ে রেখেছেন এক পুরুষ। অন্য ছবিতে দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়। তবে ছবিগুলো পেছন থেকে তোলা হওয়ায় কারও মুখ স্পষ্ট নয়।
ছবির ক্যাপশনে নিহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম, এখন সেই পথচলার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে যাওয়ার সৌভাগ্য দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
সেই সঙ্গে এই বন্ধন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকার প্রার্থনাও জানান অভিনেত্রী।
নিহার এমন পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই ধরে নিচ্ছেন, গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। যদিও নিজের পোস্টে সরাসরি বিয়ের ঘোষণা দেননি তিনি।
অবশ্য ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নিহার এই রহস্য নতুন নয়। গত জুনে ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। তখন থেকেই তার প্রেম ও বাগদান নিয়ে নানা জল্পনা শুরু হয়।
সে সময় গণমাধ্যমকে নিহা জানিয়েছিলেন, নিজের সম্পর্কের বিষয়টি যেমন নিজেই প্রকাশ করেছেন, তেমনি উপযুক্ত সময়ে সঙ্গীর পরিচয়ও জানাবেন। তাঁর ভাষায়, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’
এর মধ্যে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নিহার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনের সত্যতা কিংবা ওই যুবকের পরিচয় নিয়ে কখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।




















