চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তিনজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঁচজন ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৮৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আক্রান্ত হয়েছেন আরও ৫১৩ জন। সব মিলিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ১৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২২ জন। চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।





















