কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুরাতন জেল রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক মুরাদ এবং ছাত্রদল নেতা শরিফুল ইসলাম রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই বলেও দাবি করেন তারা। এদিকে একই দিন সন্ধ্যায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করেন।





















