কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বাঁকখালী নদীতে ফুটবল আনতে গিয়ে শাহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের সিকদারপাড়া সংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহিন রাজারকুল সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর তীরে ফুটবল খেলছিল শাহিন। খেলার একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে যায়। এসময় বলটি আনতে নদীতে নামলে প্রবল স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে শাহিনকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্যোগে নিখোঁজ স্কুলছাত্র শাহিনকে উদ্ধারে অভিযান চলছে।





















