মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বিপদ মোকাবিলায় সৌদি আরব সতর্কতা জারি করেছে। অন্যদিকে, ইয়েমেনে হুতিদের দ্রুত সামরিক অগ্রযাত্রা এবং ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সতর্কতার আওতায় রয়েছে মক্কা, তাবুক, জেদ্দা, ইয়ানবু ও তাইফ। স্থানীয় বাসিন্দা ও সেখানে অবস্থানরতদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। তবে কী ধরনের সম্ভাব্য ঝুঁকির কারণে এই সতর্কতা, তা বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় মাত্র ৪৮ ঘণ্টার কম সময়ে প্রায় ১১৫ কিলোমিটার অঞ্চল দখলের দাবি উঠেছে হুতিদের বিরুদ্ধে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এই অভিযানে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর উপদেষ্টারা সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন বলে একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে। সূত্রগুলোর দাবি, ইরানি উপদেষ্টারা কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে সম্মুখসারির কমান্ডারদের সঙ্গে কাজ করেছেন।
যোগাযোগব্যবস্থা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণেও তারা সহায়তা করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতিদের দ্রুত অগ্রযাত্রার পেছনে সরকারপন্থি বাহিনীগুলোর বিভাজনও বড় ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে। মোখা শহরের দিকে অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও সামরিক ঘাঁটি দখলের পর সরকারপন্থি বাহিনীর সরবরাহপথ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে শহর ছেড়ে পালাতে বাধ্য হন বহু সেনা ও বাসিন্দা। মোখা দখলের পর হুতিদের হাতে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম এসেছে বলেও দাবি করা হয়েছে। এর মধ্যে সাঁজোয়া যান, রকেট, গোলাবারুদ ও কামান রয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে হতাহতের বিভিন্ন সংখ্যার স্বাধীন যাচাই পাওয়া যায়নি। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে আঞ্চলিক কয়েকটি সূত্র জানিয়েছে।
প্রস্তাবে ধাপে ধাপে হরমুজ প্রণালি খুলে দেওয়া, আরব প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ এবং সংঘাত অবসানে বড় পরিসরে আলোচনার সময়সূচির কথা রয়েছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে যেকোনো চুক্তিতে ইরানের দাবিগুলো বিবেচনায় নিতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনীতির পথের জন্য এখনো উন্মুক্ত। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও তারা বিবেচনায় রাখছে। ফলে সৌদিতে সতর্কতা, ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রযাত্রা এবং ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবÑ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন করে কূটনৈতিক ও সামরিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।





















