জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণভোটের রায় বাস্তবায়ন—এই ৪ ইস্যুতে সরকারের প্রতি চরম অসন্তুষ্ট প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসব সমস্যার দ্রুত সমাধান না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কথা ভাবছে দলটি। তবে সরকার বলছে, দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়; পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সময় প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ছয় মাসের সময়কে মূল্যায়নের জন্য যথেষ্ট দীর্ঘ সময় বলা যায় না। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে।
একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশাহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
তারা বলছেন, জ্বালানি-পরিবহন ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়বে। এর ধারাবাহিকতায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হবে সাধারণ জনগণকেই। চলমান পরিস্থিতি বিবেচনায় হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। তিনি বলেন, ‘বিরোধী দল কোনো কিছুর পরোয়া না করে জনগণের স্বার্থে কাজ করে যাবে। ’ বিরোধী দলের ভূমিকার বিষয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং তাদের সঙ্গে ফ্যাসিস্টদের সঙ্গে মিল রয়েছে।
’ জামায়াতের এমন অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রূপালী বাংলাদেশকে বলেন, ‘জামায়াতের বক্তব্য অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। বর্তমান সরকারের সাত মাস চলছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তবে এই লংমার্চের মাধ্যমে জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।
’ তিনি আরও বলেন, ‘লংমার্চ হলো আন্দোলনের একটি ‘চূড়ান্ত কর্মসূচি’ এবং একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি করা উচিত নয়। জামায়াত আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যার ফলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। ’ তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে জামায়াতের কোনো লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।
’ তিনি আরও বলেন, ‘সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর। ’ বিএনপি হলো অকৃতজ্ঞ মন্তব্য করে তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে ছিলাম।
দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে। ’ এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি দলের অভিনয় দেখতে দেখতে তারা ‘অস্থির’। দলটির কৃতজ্ঞতাবোধ খুবই কম।
বর্তমান পরিস্থিতি নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু রূপালী বাংলাদেশকে বলেন, ‘জনস্বার্থের তোয়াক্কা না করে ৭ মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। সরকারকে নিজেদের ভুল শুধরে সবার সঙ্গে আলোচনা করে সংকট নিরসন করা উচিত। যদিও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি মনে করেন, বিভিন্ন ইস্যুতে সমালোচনা বা কটাক্ষ থাকলেও পারস্পরিক যোগাযোগ ও ঐক্য না থাকলে কারো রক্ষা হবে না। তবে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাবে। যেখানে সরকারের দেশ পরিচালনা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন তারা। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াত নেতা নুরুল আমিন বলেন, জনগণের কষ্ট ও দুর্দশা অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ছয় মাসের কার্যক্রমকে চূড়ান্তভাবে মূল্যায়ন করা কঠিন।
দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট, অর্থনৈতিক চাপ ও প্রশাসনিক জটিলতা মোকাবিলায় সরকারকে আরও সময় দেওয়া প্রয়োজন। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিরসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এসব ক্ষেত্রে ব্যর্থতা বাড়লে সরকার জনগণের আস্থা সংকটে পড়তে পারে।





















