পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবানের সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলায় তার প্রথম সরকারি সফর উপলক্ষে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দিনব্যাপী সরকারি সফরে মন্ত্রী উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্মীয় প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, ‘নাইক্ষ্যংছড়ি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী সমন্বয় থাকতে হবে।
’ পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য নিশ্চিত করা জরুরি। ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী সীমান্ত নিরাপত্তা জোরদার, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণের কাচারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। এ সময় স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে স্থানীয় একটি বৌদ্ধবিহারে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সাচিং প্রু জেরী। সেখানে পাহাড়ে ধর্মীয় সহাবস্থান, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় স্থানীয় প্রতিনিধিরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
মন্ত্রী এসব বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।





















