চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, খাল খননের কাজে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কাজের পুনরায় টেন্ডার (রি-টেন্ডার) দেওয়া হবে। একই সঙ্গে তদন্তে অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বর্তমান টেন্ডার পাওয়া ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হুমাম কাদের চৌধুরী বলেন, মিডিয়ার সামনে আমি বলে দিতে চাই, খাল খননের কাজে যদি কোনো ধরনের গাফিলতি খুঁজে পাই, সেটা রি-টেন্ডার করা হবে।
যাদের এক্সপেরিয়েন্স আছে, তাদের রি-টেন্ডার দিয়ে দেওয়া হবে। যারা টেন্ডার জিতেছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। গাফিলতির তথ্য পেলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বিডি ক্লিনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে রাঙ্গুনিয়ার কুরকুরমাই খাল পরিষ্কার করেছে বিডি ক্লিনের সদস্যরা। তাদের কাজকর্ম আমাদের এত ভালো লেগেছে যে, আমরা চিন্তা করলাম তাদের দায়িত্বটা আরও একটু বাড়িয়ে দিই।
এবার বিডি ক্লিন যে কাজটি হাতে নিয়েছে, সেটি অনেক গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে চেষ্টা করলে ডেঙ্গু প্রতিরোধে সফল হওয়া সম্ভব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, যে জায়গাটি আমাদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে রোগীরা আসেন, সেই জায়গাটি অনেক সময় অপরিষ্কার থাকে।
ড্রেন পরিষ্কার থাকে না, ময়লা জমে থাকে। আমরা চিন্তা করেছি, যেখানে স্বাস্থ্যসেবা দেওয়ার দরকার, সেই এলাকাটাকেই আগে পরিষ্কার করতে হবে। সে কারণে আজ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকা বিডি ক্লিনের সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে। খাল খননকাজের ধীরগতি নিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশের মধ্যে যে কাজই ধরেন না কেন, সবসময় দেখবেন কিছু কাজ বাকি রয়ে যায়।
যারা দায়িত্ব পালনের কথা, তারা ঠিকমতো দায়িত্ব পালন করে না। যারা টেন্ডার জিতে কাজ করার কথা, তারা সময়মতো কাজ শুরু করে না। আমাদের বহু ধরনের অজুহাত দেখানো হয়েছে। বলা হয়েছে, বর্ষাকালের কারণে খাল খননের কাজ ঠিকমতো শুরু করা সম্ভব হয়নি। তিনি বলেন, খাল খননের কাজের অগ্রগতি ও সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তদন্তে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেদখল খাসজমি উদ্ধারের বিষয়ে সংসদ সদস্য বলেন, এখানে যে সরকারি খাস জায়গা আছে, সেগুলো অনেক বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। অনেকে সেখানে দোকানপাটও বানিয়ে রেখেছেন। এটা শুধু সরকারের জন্য ক্ষতিকর নয়, এলাকার মানুষের জন্যও ক্ষতিকর। আমরা উচ্ছেদ অভিযান চালাব।
সরকারি জমি আবার সরকারকে বুঝিয়ে দেওয়া হবে। বৃক্ষরোপণের পর চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। হুমাম কাদের চৌধুরী বলেন, প্রতি মাসে আমাদের চারা রোপণ করতে হবে। একটি চারা রোপণের পর সেটির দেখভালের জন্য নতুন করে লোক বসানো সম্ভব নয়। সুতরাং বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রাখতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে তিনি বলেন, ১০০ শয্যায় উন্নীত করার ব্যাপারে আমরা একটি আবেদন করেছিলাম।
কিন্তু আবেদনের পরপরই দেখলাম, সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। যতগুলো ৫০ শয্যার হাসপাতাল আছে, সবগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সরকার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে একটি বিষয় যোগ করতে চাই—আমরা ইতোমধ্যে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তাদের কাছ থেকে কিছু ফান্ডের ব্যবস্থা করারও চেষ্টা করছি।
এর আগে শুক্রবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ গ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলার উপস্থিতিতে বিডি ক্লিনের ১২০ জন কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে ড্রেন পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার করতে পারে—এমন স্থানগুলোও পরিষ্কার করা হয়।





















