শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হককে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD)।
এ দায়িত্বে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘ই-ট্রেড ফর উইমেন’ উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত নারী ব্যবসায়ী নেতারা ডিজিটাল উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। নতুন দায়িত্বে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার নারী-নেতৃত্বাধীন ডিজিটাল ব্যবসার প্রতিনিধিত্ব করবেন।
পাশাপাশি তিনি আঞ্চলিক মাস্টারক্লাস ও কমিউনিটি কার্যক্রমে নেতৃত্ব দেবেন। আগামী সেপ্টেম্বরে জেনেভায় UNCTAD-এর একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ ঘোষণা করা হবে। এর আগে কেনিয়া, মিশর, কলম্বিয়া, মালয়েশিয়া, সেনেগাল, নাইজেরিয়া, ফিলিপাইন ও ভারত থেকে ‘ই-ট্রেড ফর উইমেন’ অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাদিয়া হক বলেন, দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতি যখন নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে, ঠিক এই সময়ে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।
নিজের অভিজ্ঞতা থেকে জানি, একটি প্রযুক্তি ব্যবসা গড়ে তুলতে শুধু ভালো আইডিয়াই যথেষ্ট নয়—প্রয়োজন নেটওয়ার্ক, পুঁজি, জ্ঞান এবং এমন একটি ইকোসিস্টেম, যা নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তাদের পথ সহজ করতে কাজ করতে চান।
কাশেফ রহমানের সঙ্গে যৌথভাবে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশে এয়ার টিকিটের স্বয়ংক্রিয় রিফান্ড, তারিখ পরিবর্তন ও বাতিলের সুবিধা চালু করে। একই সঙ্গে দেশের বড় ডোমেস্টিক হোটেল ও রিসোর্ট ইনভেন্টরি গড়ে তোলার মাধ্যমে শত শত স্থানীয় প্রতিষ্ঠানকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। শেয়ারট্রিপ দেশের ট্রাভেল খাতে প্রথমবারের মতো সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ২০১৮ সাল থেকে টানা ছয় বছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস অর্জন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নারী নেতৃত্ব ও ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে সাদিয়া হক ২০২৩ সালে ফিলিপ কটলার অ্যাওয়ার্ডসের ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’, ২০২৪ সালে ‘আইসিটি উইম্যান অব দ্য ইয়ার’ এবং ২০২৫ সালে DHL–The Daily Star Bangladesh Business Awards-এর ‘আউটস্ট্যান্ডিং উইম্যান ইন বিজনেস’ পুরস্কার লাভ করেন। শেয়ারট্রিপ বাংলাদেশের একটি অনলাইন ট্রাভেল ও লাইফস্টাইল প্রযুক্তি প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠানটির মাধ্যমে ফ্লাইট, হোটেল, হলিডে প্যাকেজ, শপিং ও ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ST Pay বাংলাদেশের প্রথম ট্রাভেল ওয়ালেট, যা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত। এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের Nusuk Masar সিস্টেমের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের প্রথম ও একমাত্র অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে শেয়ারট্রিপ উমরাহ ট্রাভেল নিয়ে কাজ করছে।



















