বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মদক এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্তদের চিকিৎসায় ওষুধ ও খাবার স্যালাইনের সংকটের মধ্যে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বিজিবি জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পায় ৫৭ বিজিবি।
খবর পাওয়ার পর মদক বিওপির ব্যবস্থাপনায় একজন মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পরে দুর্গম এলাকার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে বিজিবি। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের চিকিৎসা দেয়।
ডায়রিয়ার প্রকোপ অব্যাহত থাকায় ২০ সেপ্টেম্বর আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে পুনরায় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত ও অসহায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী পার্বত্য এলাকার মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও জনকল্যাণে ৫৭ বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিশেষ করে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।





















