হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিত হামে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৬২ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আর মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
হামের প্রকোপ ও মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৪৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু ঢাকা জেলায় হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের দিক থেকে এরপরই রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৯ জন এবং সিলেটে ১৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।













