কক্সবাজারে সাইবার অপরাধের অভিযোগে আটক ছয় চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আটক ছয় চীনা নাগরিককে কক্সবাজারের আদালতে হাজির করে সিআইডি পুলিশ।
তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রী জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সাইবার অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।





















