রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলার সীতার ঘাট এলাকার পাথরঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী।
তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে। জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছে স্থানীয় গাইডের সঙ্গে সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যায়। ট্র্যাকিং শেষে দুপুরে সীতার ঘাটে নেমে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম। সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা নয়জন একসঙ্গে পাহাড় ভ্রমণে গিয়েছিলাম।
ফিরে এসে নদীতে হাত-মুখ ধোয়ার সময় মুহূর্তের মধ্যে সানম স্রোতে তলিয়ে যায়। আমরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। ” খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়। সানমের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





















