নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জুলাই শাহিদ স্মৃতি ছাত্রী হলে এ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। বিশ্ববিদ্যালয়জুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সভাপতিত্ব করেন হল প্রভোস্ট ড. নাহিদ সুলতানা। অনুষ্ঠানে ভিসি নবীন ছাত্রীদের জন্য তিনটি ফ্রেশার্স রুম (‘ঐক্য’, ‘সখ্য’ ও ‘মৈত্রী’), জুলাই কর্নার সম্বলিত ‘অনির্বাণ লাইব্রেরি’, একটি রিডিং রুম এবং ‘প্রজন্ম খেলাঘর’ নামের গেম রুম উদ্বোধন করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে ফগার মেশিনে মশক নিধন অভিযানের সূচনা করা হয়।





















