শিবচরে এক্সপ্রেসওয়েতে হানিফ-পালকি বাসের সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুর প্রতিনিধি: রবিন চৌধুরী
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ঢাকাগামী লেনে চলাচলের সময় হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুনতাসির রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে কী কারণে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।





















