সারা দেশে ডেঙ্গুর দৌরাত্ম্য বাড়ছে প্রতিদিন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে ঢাকার পরই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। গত দুই বছর ডেঙ্গুর সেরোটাইপ ডেন-১, ডেন-২-এর রোগী বেশি হলেও চলতি বছর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেন-থ্রি।
এই সেরোটাইপে আক্রান্ত হলে রোগীর প্লাজমা লিকেজ (শরীরের কোষ দিয়ে পানি বের হয়ে যাওয়া) হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। এ জন্য প্লাটিলেট কাউন্টের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে হেমটোক্রিট কাউন্টকেও গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে কোনো হেলা করার সুযোগ নেই বলেও মত তাদের।
গতকাল শনিবার দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩২ জন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন রয়েছে।
এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকার পরেই ডেঙ্গু সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এর মধ্যে খুলনায় রেকর্ড এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে গতকাল শনিবার। একই সময়ে বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৬ জন রোগী। চট্টগ্রামে নতুন করে ৮২ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। একই বিভাগের সীতাকুণ্ডে ডেঙ্গুর সংক্রমণে মাত্র সাত দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৫৩৬ জন। কিন্তু এবার ডেঙ্গু ভাইরাসের ধরনে এসেছে বড় পরিবর্তন। গত দুই বছর ডেঙ্গুর চারটি সেরোটাইপের মধ্যে ডেন-২ সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এবার তার জায়গায় ডেন-থ্রি দৌরাত্ম্য চালাচ্ছে।
এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাম্প্রতিক গবেষণায় ডেঙ্গু আক্রান্তদের ৯১ ভাগের শরীরে মিলেছে ডেন-৩ সেরোটাইপ। বিশেষজ্ঞরা বলছেন, যারা আগে ডেঙ্গুর এক সেরোটাইপে আক্রান্ত, দ্বিতীয় দফায় তারা ভিন্ন ধরনে আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। তাই এ বছর শুধু ডেঙ্গুর প্লাটিলেট কাউন্ট করলেই হবে না উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সালেহ মাহমুদ তুষার রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ বছর ডেন-৩-এর প্রকোপ বেশি হওয়ায় শুধু প্লাটিলেট কাউন্ট করলেই হবে না।
এর পাশাপাশি হেমাটোক্রিটও কাউন্ট করতে হবে। নইলে প্লাজমা লিকেজের মতো ঘটনা ঘটতে পারে। এতে রোগীর শকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ’ এমন পরিস্থিতিতে রোগীর বিশেষ কেয়ার প্রয়োজন। এমনকি আইসিইউ পর্যন্ত লাগতে পারে। তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে ডেন-২তে শনাক্ত রোগী পাওয়া যায় ৭০ ভাগের বেশি।
একই বছর ডেন-৩তে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশের কিছু বেশি। আর ২০২৫ সালে ডেন-২-এর সংক্রমণ কমে দাঁড়ায় ৪৮ দশমিক ৫ ভাগ। যেখানে ডেন-৩ বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশে। তবে চলতি বছর দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের সাম্প্রতিক তথ্য বলছে, এ বছর বিশ্লেষণ করা নমুনার ৯১ দশমিক ৫ ভাগেই মিলেছে ডেন-৩।
আর ৮ দশমিক ৫ শতাংশে ডেন-২ শনাক্ত হয়েছে। আইইডিসিআর পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ‘এ বছর যত টেস্ট হয়েছে, ৯০ শতাংশের ওপরে ডেন-৩ পাওয়া গেছে। এটা শহরেই বেশি। এ জন্য যারা আগে আক্রান্ত হয়েছে, তাদের ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু মশা প্রতিরোধে নয়, ভাইরাসের ধরন শনাক্ত, নিয়মিত পর্যবেক্ষণ, জটিলতা শনাক্ত করতে পারলে কমতে পারে মৃত্যুহার।
’ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রোগীর সংখ্যা বাড়ার প্রবণতা মৌসুমের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু পরিস্থিতি বোঝার ক্ষেত্রে শুধু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেখলে হবে না। অনেক রোগী স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিচ্ছে এবং অনেকে পরীক্ষা না করিয়েও জ্বর থেকে সুস্থ হয়ে যাচ্ছে।
ফলে সরকারি হিসাবে শনাক্ত রোগীর চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানুষের চলাচল, শহর ও গ্রামাঞ্চলে এডিস মশার বিস্তার এবং অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারের অন্যতম কারণ। কোনো এলাকায় আক্রান্ত ব্যক্তি থাকলে স্থানীয় এডিস মশা তাকে কামড়ানোর পর অন্য মানুষকে কামড়ানোর মাধ্যমে সংক্রমণের চক্র তৈরি করতে পারে।
ফলে শুধু রাজধানীর মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার রূপালী বাংলাদেশকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক মশা নিধনের পাশাপাশি লার্ভা ধ্বংসে জোর দেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।
কারণ একটি মশা নিধন করলেও তার আগে রেখে যাওয়া ডিম ও লার্ভা থেকে নতুন মশা জন্ম নিতে পারে। ’ তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে নির্মাণাধীন ভবন। তাই নির্মাণ প্রতিষ্ঠান ও ভবন মালিকদেরও ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বের আওতায় আনতে হবে। ’ শুধু ওষুধ ছিটিয়ে সমাধান পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণত কীটনাশক ছিটানো বা ফগিং করা হয়।
কিন্তু কেবল ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার ডিম ও লার্ভা ধ্বংস না করলে নতুন মশা জন্মাতে থাকবে। তাই লার্ভা নিয়ন্ত্রণ, জমে থাকা পানি অপসারণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং জনসচেতনতা— সবগুলো কার্যক্রম একসঙ্গে চালাতে হবে। ’ এদিকে রোগী বাড়ায় চাপ বাড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের মেডিসিন ও ডেঙ্গু ইউনিটে।
জ্বর নিয়ে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হলে তাদের নিয়মিত রক্তের বিভিন্ন পরীক্ষা, প্লাটিলেট ও হেমাটোক্রিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। জ্বর কমে যাওয়ার পরও কোনো কোনো রোগীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। তাই জ্বর কমে যাওয়াকে সম্পূর্ণ সুস্থতার লক্ষণ হিসেবে দেখা ঠিক নয়।
তাদের মতে, যেসব উপসর্গে দ্রুত হাসপাতালে যেতে হবে, সেগুলো হলো হঠাৎ উচ্চ জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি বা বমি ভাব, অতিরিক্ত দুর্বলতা, ত্বকে র‌্যাশ। এর পাশাপাশি তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্বাভাবিক রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, অস্থিরতা কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ বছর যেহেতু ডেঙ্গুর ডেন-থ্রি সেরোটাইপের রোগী বেশি পাওয়া যাচ্ছে, সে ক্ষেত্রে শিশু, বয়স্ক এবং অন্যান্য শারীরিক জটিলতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিও ডেঙ্গুর গুরুতর জটিলতায় আক্রান্ত হতে পারে।
তাই ডেঙ্গু হলে নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া ঠিক হবে না। বিশেষ করে কিছু ব্যথানাশক ওষুধ রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা জরুরি। তবে তার চেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো ডেঙ্গু নিয়ন্ত্রণ। আমরা যেহেতু শত্রু জানি, তাই ধ্বংসে কার্যকর পদক্ষেপ জরুরি। ’ ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকারপ্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ— সব পক্ষকে সম্পৃক্ত করার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের।





















