বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘যেসব দেশে গণতান্ত্রিক আন্দোলন সফল, সেখানেও আবার পেছনের দিকে যাত্রা শুরু হয়েছে।’
এসময়, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ হচ্ছে কি না– সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।
বর্তমানে পৃথিবীতে ৬০ শতাংশের বেশি মানুষ স্বৈরশাসনে আছে বলেও উল্লেখ করেন আলী রীয়াজ। তারুণ্যের সাহস যেন ঔদ্ধত্য না হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভিন্নমতকে শ্রদ্ধা করতে শিখতে হবে।’
শুধু নিজের মত থাকবে, অন্য কোনো মত থাকবে না- এমন মানসিকতা পরিহার করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা থাকতে হবে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ভিন্নমতকে জায়গা দিতে হবে। অনুষ্ঠানে গবেষণার জন্য কয়েকটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।




















